ঈদের আগে ঘর দেওয়া হচ্ছে ৩৩ হাজার গৃহহীন পরিবারকে। আগামী ২৬ এপ্রিল গৃহহীন এবং ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- এক অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীন পরিবারগুলোর হাতে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেওয়া হবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইদের আগে জমির মালিকানাসহ ঘর পাচ্ছেন মোট ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার।
এদিকে তবে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে আরও ৬৫ হাজারের বেশি পরিবার।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ১ লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল।